স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান নানা গুণে গুণান্বিত। সংগীতের প্রতিও তার রয়েছে অসম্ভব ভালোবাসা। এ কারণে তিনি নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে সংগীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’। গত বছর প্রচার হয় ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার।
এবার ঈদেও তার গাওয়া গান নিয়ে ঈদের তৃতীয় দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘মন থেকে রইল শুভ কামনা’।
এই ঈদে মোট ১০টি গান গেয়ে মাহফুজুর রহমান শুভ কামনা জানাবেন। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, শেখ রেজা শানু, মোহাম্মদ ইকবাল হোসেন, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।
অ্যালবামে যে ১০টি গান রয়েছে: ‘ভুলে গেলে তুমি’, ‘মনের কারাগারে’, ‘শত চেষ্টাতেও’, ‘যে ক্ষতি’, ‘দেখছি যতই’, ‘আমার পৃথিবী’, ‘ফিরে এসো’, ‘চাঁদ মুখ’, ‘কোথায় হারালে’ এবং ‘তুমি এক পা বাড়ালে’ শিরোনামের গান।
