স্ত্রীর বড় বোনকে মারধর: পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ মে ২০১৯, ০১:৩৮ এএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্ত্রীর বড় বোনকে মারধরের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহেনশাহর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার পর থেকে পৌর মেয়র ও তার লোকজনের হুমকিতে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছে হামলার শিকার পরিবারটি।

এদিকে সোমবার দুপুরে ওই মামলা প্রত্যাহার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এম. মইনুল ইসলাম জানান, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহেনশাহ’র দ্বিতীয় স্ত্রীর বড় বোনের ছেলে আব্দুল বাছেদ দীর্ঘদিন ধরে আইজল নামে এক ব্যক্তির কাছে দেড় লাখ টাকা পেতো। আইজল পৌর মেয়রের দলের লোক হওয়ায় আব্দুল বাছেদকে টাকা না দিয়ে উল্টো টালবাহানা করে আসছিল।

গত ১৭ মে পৌরসভার চরভবসুর খুটাপাড়া এলাকায় আব্দুল বাছেদের বাড়ির সামনে ওই টাকা নিয়ে আইজলের সঙ্গে বাকবিতন্ডার এক পর‌্যায়ে পৌর মেয়র শাহেনশাহ্ এসে বাছেদের মা জুলেখা বেগমকে (৫৫) হেলমেট দিয়ে পেটায় এবং বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকেও গালাগালি করেন পৌর মেয়র।

পরে আহত জুলেখা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর পথে পৌর মেয়রের লোকজন সেখানেও তাদের পথরোধ করার চেষ্টা করে।

খবর পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ জুলেখা বেগমকে নিরাপত্তা দিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে জুলেখা বেগম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আব্দুল বাছেদের স্ত্রী রেবেকা বেগম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলা করলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহেনশাহ আরো ক্ষিপ্ত হয়ে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

এদিকে, দেওয়ানগঞ্জ থানা পুলিশ পৌর মেয়রের বিরুদ্ধে মামলা গ্রহণ করায় গতকাল সোমবার দুপুরে মামলাটিকে ‘মিথ্যা’ উল্লেখ করে মামলা প্রত্যাহার ও দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহেনশাহ্। 

দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহেনশাহর সাথে ঘটনার বিষয়ে কথা বলতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত