বগুড়া সদর আসনের উপনির্বাচন বর্জন বাম গণতান্ত্রিক জোটের

আপডেট : ২১ মে ২০১৯, ০২:৫৪ পিএম

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে জোটের কেন্দ্রীয় ও জেলা নেতারা আসন্ন উপনির্বাচন বর্জনের ঘোষণা দেন।

বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের জেলা সমন্বয়ক আব্দুর রশিদ বলেন, গত ৩০ ডিসেম্বর ভুয়া ভোটের নির্বাচন বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি বাস্তবায়ন না হওয়ায় বাম গণতান্ত্রিক জোট আগামী ২৪ জুন বগুড়া সদর আসনের উপনির্বাচনে অংশ গ্রহণ করবে না। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনসহ দেশের নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে জোটের আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে জোটের কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন ও লিয়াতক আলী, জেলা সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সামছুল আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সমন্বয়ক শাহাদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোটের কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন বলেন, আগামী ২৪ জুন অনুষ্ঠেয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। কারণ সরকারের সেই সদিচ্ছা নেই। অতি সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার ঘটনাও প্রমাণ করেছে সরকার দেশে কোন সুষ্ঠু ভোট হতে দেবে না।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত