সরকারের কারণে খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না: মওদুদ আহমদ

আপডেট : ২১ মে ২০১৯, ০৬:০৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, বিভিন্নভাবে চেষ্টার পরও সরকারের কলাকৌশলের কারণে খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না। তাই আইনি প্রক্রিয়ায় চেষ্টার পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

'কারণ, শেষ পর্যন্ত আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না'।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মওদুদ বলেন, নতুন একটা ষড়যন্ত্র হচ্ছে, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কেরানীগঞ্জ নিয়ে যাওয়া হবে। এবং তার বিচারিক আদালত কেরানীগঞ্জ স্থাপন করা হবে। এটা একটা অমানবিক কাজ। আমরা আদালতে রিট করব যাতে আদালত কেরানীগঞ্জ স্থাপন করা না হয়।

বিএনপির এই নেতা বলেন, কেরানীগঞ্জে আদালত স্থাপন সম্পূর্ণ সংবিধান পরিপন্থী। একজন নাগরিককে সংবিধানে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার লঙ্ঘন করা হয়েছে। এ জন্য বিএনপি খুব শিগগিরই কোর্টে কেরানীগঞ্জে আদালত স্থাপন নিয়ে চ্যালেঞ্জ করব। '

তিনি বলেন, 'গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়ার নেতৃত্ব প্রয়োজন। তাই খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে'।

ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা তার দায় সরকারকে নিতে হবে। সরকার ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে জেলে রেখে এই অবস্থা করেছে। তাকে সুচিকিৎসা না দেওয়ার কারণে এখন তার এ অবস্থা।

তিনি বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করেছে। একজন নাগরিকের যে অধিকার তা থেকে সরকার খালেদা জিয়াকে বঞ্চিত করেছে। তাকে মুক্ত করতে দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

আয়োজক সংগঠনের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক  মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত