শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী শ্রাবণী শায়লা দিশার সঙ্গে প্রতারণার অভিযোগে মো. ওসমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার ওই যুবক খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আবদুল ওয়াদুদের ছেলে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান শিকদার ওরফে অনিক সম্প্রতি থানায় এসে অভিযোগ করেছিলেন, উপমন্ত্রীর নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি (০১৮১২৭৬১৭০৩ ও ০১৭৮৫৬০৮৭০৫ নম্বর থেকে) বিভিন্নজনের কাছে টাকা দাবি ও হুমকি দিয়ে আসছে। এর প্রেক্ষিতে গত সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করা হয়। ওসমান ০১৮১২৭৬১৭০৩ নম্বর থেকে ফোন করে নিজেকে নওফেল পরিচয় দেন এবং ০১৭৮৫৬০৮৭০৫ থেকে ফোন করে নিজেকে উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। গত শনিবার প্রথম নম্বরটি থেকে শিক্ষা উপমন্ত্রী পরিচয়ে ওসমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী দিশাকে ফোন করে। এ সময় তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
×
