পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাড়ানোর সুপারিশ

আপডেট : ২২ মে ২০১৯, ০৩:০৪ এএম

পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করেছে একটি সংসদীয় কমিটি। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী ও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত একজন জানান, মিয়ানমারের হাত থেকে সেন্ট মার্টিনকে রক্ষার জন্য

 

সেখানে বিমানবাহিনীর তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কমিটির সদস্য ফারুক খান বিষয়টি তুললেও কমিটি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তাব্যবস্থা, সেন্ট মার্টিনে সম্প্রতি বিজিবি মোতায়েন ও মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকদের প্রথম শ্রেণির পদমর্যাদা দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ফারুক খান, মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত