ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত বিজিবি শিবির। তারা ধরেই নিয়েছে দ্বিতীয়বার সরকার গড়ার পথে এনডিএ। আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন নরেন্দ্র মোদি।
এদিকে, ঠিক বিপরীত ছবি বিরোধী দলের কর্মীদের মধ্যে। বুথ ফেরত সমীক্ষার পর থেকেই হতাশ তারা। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগে হার মানতে নারাজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি চান না দলের কর্মীরাও বুথ ফেরত সমীক্ষা দেখে হতাশায় ভুগতে শুরু করুক।
আর তাই বুধবার টুইট করলেন দলের নেতা কর্মীদের উদ্দেশে। ভুয়া খবর এবং গুজব থেকে দলের কর্মীদের সাবধান থাকার পরামর্শ দিলেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। এখন সজাগ থাকার সময়। কোনও ভয় পাবেন না। গুজব বা ভুয়ো এক্সিট পোলের খবরে হতাশ হবেন না। নিজের এবং দলের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন।’
মুখে বিরোধীরা যতই আস্ফালন করুন, বুথফেরত সমীক্ষা যে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে৷ তাই সব দলই কর্মীদের নির্দেশ দিয়েছে স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের বাইরে পাহারায় বসার।
এর আগে প্রিয়াঙ্কা গান্ধীর তরফেও এই নির্দেশ আসে৷ একই সঙ্গে কংগ্রেস কর্মীদের ইতিবাচক মনোভাব রাখার বার্তাও দেন প্রিয়াঙ্কা।
বলেন, ‘এই ভুয়ো বুথ ফেরত সমীক্ষাগুলি আসলে আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা। স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের বাইরে পাহারা দিন৷ আমি নিশ্চিত আমার, আপনার কঠোর পরিশ্রমের ফল নিশ্চই পাব।’
