লক্ষ্মীপুরে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজে ধীরগতি ও নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে স্থানীয়দের উদ্যোগে সদর উপজেলার মান্দারী-দাসেরহাট সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চলাচলে দুর্ভোগ কমাতে দ্রুত সড়কের কাজ সম্পন্ন করার দাবি জানানো হয়। স্থানীয়, পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম, মোমিন উল্যাসহ কয়েকজন জানান, কাজে ধীরগতিতে মান্দারী-দাসেরহাট সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলাবালির কারণে পথচারী ও সড়কের পার্শ্ববর্তী ঘরবাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়ছে। সড়ক সংস্কারকাজে শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে আসছেন ঠিকাদার।
তাছাড়া সরকারি খাল থেকে মাটি কেটে সড়ক ভরাটসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অন্যদিকে যথাযথ মান রক্ষা করে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানান তারা।
জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের অধীনে চলতি বছর ২৮ জানুয়ারি মান্দারী থেকে দাসেরহাট পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক সংস্কারকাজ শুরু হয়। সড়কটি ১২ থেকে ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ২০ কোটি টাকার এ কাজটি করছে জেডএসএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান জেডএসএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মালিক এসকেন্দার মির্জা শামীমের মুঠোফানে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
