রংপুরে পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতাসহ সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিভিন্ন সময়ে চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ৩টি অটোরিকশা।
বৃহস্পতিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান।
তিনি জানান, রংপুর সদরের গোকুলপুর বকশিপাড়া এলাকার ব্যবসায়ী ফজলুল হকের বাড়ি থেকে গত মার্চ মাসে দুটি মোটরসাইকেল চুরি হয়। এরপর তার অভিযোগের প্রেক্ষিতে নীলফামারীর জলঢাকা উপজেলার চিহ্নিত চোর আবু হানিফকে রংপুর মহানগরী থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সুপার বলেন, আটক হানিফের দেওয়া তথ্যে লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা ও সক্রিয় সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আবু হানিফ, কাজীনুর ইসলাম, ফেরদৌস, ওমর ফারুক, জাকির হোসেন, রফিকুল ইসলাম লাল চাঁদ। এই চোর চক্রের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও তিনটি অটো উদ্ধার হয়।
উদ্ধার হওয়া মোটরসাইকেল ও অটোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে বলে জানান তিনি।
