সারাদেশে ন্যায্য দামে সরকারি ধান সংগ্রহের অংশ হিসেবে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে ধান কেনা শুরু হয়।
এই ধান সংগ্রহে বাধা দেওয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক যুবলীগ নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল হক জানান, ইউএনও এসএম সাইফুর রহমান বাদী হয়ে বুধবার রাতে তাদের থানায় মামলাটি করেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মামলার প্রধান আসামি সাজ্জাদুল হক রেজা বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক। উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুলের ছোট ভাই তিনি।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাইফুর রহমান বলেন, ‘বুধবার বেলা ১১টার দিকে সাজ্জাদুল হকসহ ২০-২৫ জনের একটি দল উপজেলা অফিসে এসে আমার সঙ্গে আশালীন আচরণ করেন এবং ভয়ভীতি দেখান। সাজ্জাদুল তার নিজের করা তালিকা অনুযায়ী ধান সংগ্রহের হুমকি দেন।’
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, ‘দলীয় লোকেরাই সিন্ডিকেট করছে। এর থেকে বেরিয়ে এসে প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে।’
যুবলীগ নেতা সাজ্জাদুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
