বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষক ন্যায্যমূল্য না পেয়ে ফসলে আগুন দিচ্ছে। যে দেশের কৃষক তার ফসলের দাম পাবে না, সে দেশের কখনো উন্নয়ন হবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
খসরু বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন আমদানির চাইতে রফতানি বেশী হয়েছে; কিন্তু আজ কৃষক ন্যায্যমূল্য না পেয়ে ফসলে আগুন দিচ্ছে। আজ উৎপাদন খরচ না পাওয়ায় কৃষকের মাঝে এখন হাহাকার দেখা যাচ্ছে। আমাদের কৃষকদের পাশে দাড়াতে হবে।
তিনি বলেন, সরকারের যে মনোভাব তাতে আন্দোলন সংগ্রাম ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
আমির খসরু বলেন, আজকে দেশের কৃষিতে যে উন্নয়ন হয়েছে তা শহীদ জিয়ার হাত ধরে হয়েছে। জিয়াউর রহমান প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষকের কথা শুনেছেন, তাদের সাথে মাটি কেটেছেন। বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতির পরিবর্তন ঘটিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং কৃষিবিদ হাসান জাফির তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
