চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে হুয়াওয়েকেও ঢুকাতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জায়ান্ট টেলিকম কোম্পানিটি ‘অনেক বিপদজনক’ বলা সত্ত্বেও এমনটা দাবি করেন তিনি।
গত কয়েক সপ্তাহে চীনা জায়ান্ট কোম্পানিটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে পৌঁছেছে। হুয়াওয়ের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করেছে দেশটি।
এর আগে ওয়াশিংটনের অনুরোধে কোম্পানিটির প্রধান অর্থনৈতিক নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝুকে গ্রেপ্তার করেছে কানাডা।
হুয়াওয়ের প্রযুক্তিকে নিরাপত্তার হুমকি হিসাবে দেখছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে চীনের হয়ে কোম্পানিটি গুপ্তচরবৃত্তি চালাচ্ছে বলে ওয়াশিংটনের অভিযোগ।
বৃহস্পতিবার ট্রাম্প বলেন, “হুয়াওয়ের এমন কিছু আছে যা খুবই বিপজ্জনক। নিরাপত্তার জায়গা থেকে, সামরিক দৃষ্টিকোণ থেকে আপনারা দেখুন, তারা কী করছে। অত্যন্ত বিপজ্জনক।”
তিনি জানান, বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হতে পারে হুয়াওয়ে।
ট্রাম্প বলেন, “যদি চীনের সঙ্গে চুক্তি করি তাহলে আমি মনে করব এতে হুয়াওয়েকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।”
প্রসঙ্গত, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। মূলত দেশটিতে হুয়াওয়েকে বয়কট করতেই এ ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে গুগল ও ইউটিউবও হুয়াওয়ের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানায়। যদিও কয়েকদিন পর এ জরুরি অবস্থা কিছুটা শিথিল করে ওয়াশিংটন।
