বেড়াতে এসে ঘুমন্ত শিশুকে নিয়ে উধাও পাতানো চাচা

আপডেট : ২৪ মে ২০১৯, ০৬:০১ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে তিন বছর বয়সী শিশু চাঁদনিকে ৩ দিন পর জীবিত উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শিশুটির পাতানো চাচা রুবেলকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন শুক্রবার চাঁদনিকে উদ্ধার ও শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে মতিরহাট গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ওই রাতেই তার বাবা-মায়ের কাছে তাকে তুলে দেওয়া হয়। পাচারকারী রুবেল লক্ষীপুর জেলার কমলনগর থানার মতিরহাট এলাকার আসলাম মিয়ার ছেলে।

উদ্ধার হওয়া শিশুর পরিবার ও পুলিশ জানায়, হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের কবিরাজ বাড়ির শিশু চাঁদনির ফুফু রোমানার সাথে কয়েক মাস আগে মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয় রুবেলের। তাদের সাথে ভাই-বোনের সম্পর্ক তৈরি হয়। গত সোমবার রাতে রোমানাদের বাড়িতে বেড়াতে আসে রুবেল। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে ভোররাতে সকলের অগোচরে শিশু চাঁদনিকে নিয়ে চলে যায় কথিত চাচা রুবেল।

সকালে ঘুম থেকে উঠে রুবেল ও শিশু চাঁদনি কাউকে দেখতে না পেয়ে রুবেলের মোবাইলে ফোন দেয়া হয়। এ সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় সোমবার রাতেই শিশুটির বাবা কুরবান আলী বাদী হয়ে মানবপাচার আইনে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, পুলিশ রুবেলের মোবাইল নম্বর নিয়ে সিডিআর অ্যানালাইসিস, মোবাইল ট্র্যাকিং ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে তার অবস্থান নিশ্চিত হয়। পরে আমরা লক্ষীপুর জেলার মতিরহাট পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আজাদের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ৮ টায় অভিযান চালাই। এ সময় শিশুটিকে উদ্ধার ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন দিবাগত রাত ১২টায় শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত