লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে দুই শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৪ মে ২০১৯, ১০:২৭ পিএম

নরসিংদীতে লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তাদের শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যেতে পারে।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছেন, নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের টয়লেটে দুজনের লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং টয়লেটে দুই শিশুর লাশ পড়ে থাকতে দেখে। এদের মধ্যে একজনের বয়স ১২ বছর অপরজনের ৪। পরে তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম) বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করার পর তাদের লাশ এখানে ফেলে রেখে গেছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করে দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত