শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেরাগ আলী বেপারীকান্দী এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তানিম মৃধা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তানিম মৃধা উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের সামসুদ্দিন মৃধার ছেলে। তার বাবা কক্সবাজারে কাপড়ের ফেরি করেন। দুই ভাই তিন বোনের মধ্যে তানিম বড়। তিনি নড়িয়া বাজারের ইবনেসিনা মেডিকেল হল ফার্মেসির কর্মচারী।
পুলিশ, পরিবার ও ইবনেসিনা মেডিকেল হলের স্বত্বাধিকারী এমএ আজিজ মুন্সী বলেন, তিন বছর ধরে নড়িয়া বাজারের ইবনেসিনা মেডিকেল হল ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করছেন তানিম। প্রতিদিনের মত শুক্রবার রাতে ফার্মেসি বন্ধ করে নড়িয়া বাজার জামে মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। নড়িয়া-জাজিরার চেরাগআলী বেপারীকান্দি এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা অটোরিকশা তানিমের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তামিম সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ জানান, নড়িয়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিম মৃধা নামে একজন নিহত হন। অটোরিকশা চালক পালাতক রয়েছেন। নিহতের সুরতহালের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
