নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিচালক অনুরাগ কাশ্যপ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর কোনো এক অনুরাগী তার মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছে।
তাদের সঙ্গে কী করা উচিত? প্রধানমন্ত্রীকে প্রশ্নও করেন অনুরাগ। সঙ্গে ধর্ষণের হুমকি দেওয়া টুইটটি মোদিকে ট্যাগ করেন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-খ্যাত পরিচালক।
যেখানে দেখা যাচ্ছে, ‘চৌকিদার রামসংঘী’ নামের একজন অনুরাগের মেয়ে আলিয়ার উদ্দেশ্যে লিখেছে, “বাবাকে বলো মুখ বন্ধ রাখতে, না হলে...।”
তবে আরেক পরিচালক অশোক পণ্ডিত পাল্টা টুইটে লেখেন, “এই টুইটার হ্যান্ডেলটি (চৌকিদার রামসংঘী) ফটোশপ করে তৈরি বলেই মনে হয়। সারা দেশ যখন মোদীর জয়ে খুশি তখন কোনো এক আরবান নকশাল এই টুইটটি ফটোশপ করে বানিয়েছেন বলেই মনে হয়।”
তবে এ ধরনের টুইটে বিরক্ত অনুরাগ পাল্টা লেখেন, “এই কমেন্টটা ইনস্টাগ্রামে করা হয়েছে টুইটারে নয়। আমার মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।”
উত্তরে অশোক লেখেন, “একই ঘটনা আমার মেয়ের সঙ্গেও ঘটেছিল। আমি এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছি। এ ধরনের ঘৃণ্য কাজের জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ না হয়ে পুলিশের দ্বারস্থ হওয়াটাই বেশি প্রয়োজন। কারণ, আমার কাছে আমার মেয়ের সম্মান, সুরক্ষার থেকে রাজনীতি বড় নয়।”
এরপর অনুরাগকে একাধিকবার আক্রমণ করে পোস্ট করেন অশোক পণ্ডিত।
লোকসভা নির্বাচনের আগে ‘ভোট ফর মোদি’ লেখা টুইটও শেয়ার করতে দেখা যায় অনুরাগকে, এটি তিনি হোয়াটসঅ্যাপ মেসেজে পেয়েছেন বলে জানান।
