জামালপুরে ধর্ষণে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার শাস্তির দাবি

আপডেট : ২৫ মে ২০১৯, ০২:৫২ পিএম

সারা দেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে এবং জামালপুরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

শনিবার সকালে শহরের দয়ামীয় মোড়ে সম্মিলিত সামাজিক আন্দোলন ও শিশু কল্যাণ কমিটির যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জামালপুরে গৃহকর্মী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মেলান্দহ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় বক্তারা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সারা দেশে সকল নারী নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সচিব জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় ও সংগঠনটির আহ্বায়ক আলী জহিরের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ও সমাজকর্মী উৎপল কান্তি ধর, রাজনৈতিক শিক্ষাবিদ আমির উদ্দিন, উন্নয়ন সংঘের আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন, উদীচী জামালপুর শাখার সহ-সভাপতি রনজিত বিশ্বাস, শিশু কল্যাণ কমিটির সদস্য আফরিন প্রমুখ।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে মেলান্দহ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুল ইসলামের বাড়িতে স্ত্রীর অনুপস্থিতিতে গৃহকর্মীকে নিয়মিত ধর্ষণের অভিযোগে গত ১১ মে জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই গৃহকর্মী। মামলা দায়েরের পর থেকে ওই শিক্ষা কর্মকর্তা পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত