বিশ্বসুন্দরীর খেতাব জয়ের ২৫ বছর পার করলেন সুস্মিতা সেন। দিনটি বিশেষ আয়োজনে পালন করলেন বলিউডের এই নায়িকা। শুক্রবারের সেই উদ্যাপনে পাশে ছিল পরিবার।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইন্ডাস্ট্রির কোনো নামীদামি ব্যক্তিত্ব নয়, সুস্মিতার এই আনন্দে শামিল হয়েছেন দুই পালক মেয়ে রেনে ও আলিশা, আর প্রেমিক রাহমান শল। সঙ্গে ছিল ভক্তদের ইনবক্স উপচানো শুভেচ্ছাবার্তা।
২৫ বছর আগে সুস্মিতা সেন ভারতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন মিস ইউনিভার্স খেতাব জিতে। কারণ সেইবার প্রথম কোনো ভারতীয় তরুণী সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় বশ করেছিল গোটা দুনিয়াকে।
বাঙালি বংশোদ্ভূত সুস্মিতা তখন মাত্র অষ্টাদশী। রত্নখচিত মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠতেই আনন্দে কেঁদে ফেলেন তিনি।
২৫ বছর উদ্যাপনে সুস্মিতার সামনে ছিল হালকা নীলচে কেক। তার গায়ে আঁকা স্মৃতির ঝাঁপি থেকে নেওয়া কিছু বিশেষ মুহূর্তের ছবি। আর মাথায় ছিল মুকুট।
সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘নির্বাক’ নায়িকা বলেন, “তোমরা ছিলে বলেই আমি এই সম্মান পেলাম। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে প্রতি মুহূর্তে। আমি গর্বিত এই দেশে জন্মেছি বলে। এই দেশে, দেশের প্রতিটি মানুষের ভালোবাসায় আমি বিশ্বের কাছে নিজেকে মেলে ধরার সাহস দেখাতে পেরেছি।”
একই সঙ্গে সুস্মিতা ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টিকর্তাকেও।
