ঈদের আগে চিলাহাটি থেকে ঢাকাগামী দিবাকালীন বিরতিহীন আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে নীলফামারী রেলওয়ে স্টেশন চত্ব¡রে মানববন্ধনের আয়োজন করে নীলফামারী উন্নয়ন ফোরাম। ওই মানববন্ধনে দলমত নির্বিশেষে এলাকার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
নীলফামারী উন্নয়ন ফোরামের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা বিএনপি সদস্য সচিব জহুরুল আলম, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান কোকো, পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, কার্যনির্বাহী সদস্য স্বাগত সরকার, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি গোলাম রহমান ডালু, দোকান মালিক সমিতির সহ-সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।
