প্রতিবেশী দেশ ভারত এই নির্বাচনের মাধ্যমে জনগণের গণতন্ত্র কাকে বলে, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশের সকল পর্যায়ের প্রশাসকদের ভারত থেকে শিক্ষা নেওয়া আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার জাতীয় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মোশাররফ হোসেন বলেন, ভারতের লোকসভার নির্বাচনে সে দেশের জনগণ নিজেরা ভোট দিতে পেরেছে, তাদের পছন্দমতো দলকে ভোট দিয়েছে, তাদের পছন্দমতো দলকে ক্ষমতায় এনেছে।
বিএনপি’র এই নেতা উল্লেখ করে বলেন, ভারতের জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিতে পেরেছে, যা বাংলাদেশে পারেনি।ভারতের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় গেছে। এর পাঁচ মাস আগে বাংলাদেশেও সাধারণ নির্বাচনে আগের মতোই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
গণতন্ত্র উদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোশাররফ।
বিএনপি ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে জানিয়ে দলের এই নীতি-নির্ধারক আরও বলেন, ‘আমাদের সকল ক্ষেত্রে গণতন্ত্রায়নের ব্যবস্থা করতে হবে। আমাদের দলের নেতা-কর্মীরা নেতা নির্বাচিত করলে নেতা-কর্মীদের প্রতি যে দায়িত্ববোধ থাকে, উপর থেকে চাপিয়ে দিলে সেটা থাকে না।’
ভারতের জনগণ ও সে দেশের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সংগঠনের সভাপতি সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন প্রমুখ।
