বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন, প্রতিবেশী দেশ ভারত এই নির্বাচনের মাধ্যমে জনগণের গণতন্ত্র কাকে বলে তা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করে তিনি বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন এবং সব পর্যায়ের প্রশাসককে ভারত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। এ সময় ভারতের জনগণ ও সে দেশের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান এই বিএনপি নেতা। বিএনপিকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সব ক্ষেত্রে গণতন্ত্রায়নের ব্যবস্থা করতে হবে।’
