বৃষ্টির পেটে দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ ম্যাচ

আপডেট : ২৬ মে ২০১৯, ১১:৪৩ পিএম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের পর বৃষ্টিতে ভেসে গেল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচও।

রোববার ব্রিস্টলে বিশ্বকাপের আগে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। কয়েক দফা বৃষ্টির পর পরিত্যক্ত হয় ম্যাচটি। আর কার্ডিফে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টসটাও হতে পারেনি।

ব্রিস্টলে টস হেরে আগে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। নবম ওভারেই হানা দেয় বৃষ্টি। কিছুক্ষণ পর খেলা শুরু হলেও ঠিক পরের ওভারেই ফের বৃষ্টি শুরু হয়।

এ দফায় বৃষ্টি থামলে ৩১ ওভারে ম্যাচ নেমে আসে। কিন্তু খেলা হতে পারল কয়েক ওভার। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৩তম ওভারে বৃষ্টি নামলে পরিত্যক্ত ঘোষণা হয় ম্যাচ।

পরিত্যক্ত হওয়ার আগে ১২.৪ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা অপরাজিত ৫১ ও কুইন্টন ডি কক অপরাজিত ৩৭ রান করেন।

প্রোটিয়ারা প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

এদিকে ক্যারিবীয়দের এটি ছিল প্রথম প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দলটি। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত