গত ঈদুল আজহায় নারায়ণগঞ্জে দেড় লাখ মুসল্লির ‘দেড়লাখিয়া’ ঈদ জামাতের আয়োজন করে চমক সৃষ্টি করেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। দেশের বিভিন্ন গণমাধ্যম এই ঈদ জামাতকে দেশের তৃতীয় বৃহত্তম ঈদ জামাত হিসেবে আখ্যা দিয়েছিল। এবারও আসন্ন ঈদুল ফিতরে দুই লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত আয়োজন করার ঘোষণা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পবিত্র মদিনা শরিফের মতো স্টিলের স্ট্রাকচার দাঁড় করিয়ে সুবিশাল স্থান তৈরি করতে কাজ শুরু হয়েছে এরই মধ্যে।
জানা গেছে, গত বছর নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগা ও এ কে এম সামসুজ্জোহা স্টেডিয়ামকে ঘিরে এই মাঠ প্রস্তুত করা হয়। গতবারের মতো এবারও ঈদের জামাত সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। একই সঙ্গে সাংবাদিকদেরও এ ব্যাপারে প্রচার করার অনুরোধ করেন।
শামীম ওসমানের মহৎ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীরা।
