নিরাপত্তার স্বার্থে খুলনায় পুলিশের ছুটি বাতিল

আপডেট : ২৭ মে ২০১৯, ০২:০২ এএম

খুলনা রেঞ্জের প্রত্যেক থানা, পুলিশ সুপারের কার্যালয় ও ডিআইজি কার্যালয়ে জনসাধারণের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন রেঞ্জ ডিআইজি।

রবিবার বিকালে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। 

তিনি বলেন, আসন্ন ঈদে খুলনাবাসীর নিরাপত্তার স্বার্থে বেশিরভাগ পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি মার্কেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সড়কে অধিকসংখ্যক টহল পুলিশ নিয়োজিত করা হচ্ছে। এছাড়া প্রতিটি বাসস্ট্যান্ডে ভিডিও ক্যামেরা বসানো হবে। প্রতিটি গাড়ির ফিটনেস সনদ ও চালকদের লাইসেন্স পরীক্ষা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনার একটি বড় কারণ অবৈধ ছোট যানবাহন। ঈদের পর মহাসড়কে এসব যানবাহন চলাচলের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, নাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত