দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ লিচু ব্যবসায়ী নিহত

আপডেট : ২৭ মে ২০১৯, ১১:৫৮ এএম

দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ বাজার এলাকার মোড়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক দিনাজপুর সদর উপজেলার বনতাড়া গ্রামের আমিজ আলী (৩৫) ও চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকার কিতাব উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৫৮)। নিহত ব্যক্তিরা দুজনেই লিচু ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, সোমবার ভোর ৫টার দিকে চার্জার ভ্যানে লিচু উঠিয়ে দিয়ে মোটরসাইকেলে করে আমিজ আলী ও আব্দুস সামাদ দিনাজপুর শহরের কাতিলায় লিচুর মার্কেটের দিকে আসছিলেন। পথে কাউগাঁ বাজার এলাকায় দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনেই নিহত হন।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত