কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। রোববার রাত ১০টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্বপাশের পানির ট্যাংকি এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের পর সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ।
আটকেরা হলেন- শহরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার দিদার মিয়ার ছেলে মাহমুদ হাসান জয় (১৯), কমলপুর এলাকার আব্দুল হক মোল্লার ছেলে আমিনুল হক (১৯), গাছতলাঘাট এলাকার নূরুজ্জামান মিয়ার ছেলে নূর মোহাম্মদ ইমন (২০), উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের জহিরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২০) ও সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে দুলাল মিয়া (২০)।
ভৈরব রেলওয়ে থানা সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে স্টেশনের পূর্বপাশের পানির ট্যাংকির নিচে একদল ছিনতাইকারী ছিনতাই করার খবরে উপ-পরিদর্শক মো. সূরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় এলাকাবাসীর সহায়তায় দেশীয় অস্ত্রসহ ওই পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
