ব্রাজিলে করাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত

আপডেট : ২৭ মে ২০১৯, ০৪:৩৯ পিএম

ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলীয় আমাজোনাস রাজ্যের একটি কারাগারে রোববার এ ঘটনা ঘটে। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে এই কারাগারটি অবস্থিত। খবর এএফপি’র।

আঞ্চলিক কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে কয়েদিদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতের সময়কালে স্থানীয় সময় ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইদা সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েদিদের মধ্যেই ভয়াবহ সংঘর্ষ সীমাবদ্ধ থাকার ফলে এতে দর্শনার্থীদের কেউ মারা যায়নি।’

মার্কোস আরও বলেন, সংঘর্ষের কারণ জানতে তদন্তকাজ শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষ রোববারের সংঘর্ষ বেঁধে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত