ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। একই সঙ্গে পুলিশকে হামলাকারীদের খুঁজে বের করতেও বলেছেন তিনি। গতকাল সোমবার বিকেলে রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের ঢাকা মহানগর দক্ষিণের কর্মিসভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।
ড. কামাল বলেন, ‘উন্নয়নের কথা বলা হয়। কিন্তু কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। পোশাক শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছেন না।’ তিনি অভিযোগ করেন, ‘দেশের টাকা বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। উন্নয়নের নামে টাকা পাচার করাকে উন্নয়ন বলা যায় না। পাচার বন্ধ না হলে দেশের উন্নয়নও সম্ভব নয়।’
টাকা পাচারকারীদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না জিজ্ঞাসা করে গণফোরাম সভাপতি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে পাচারকারীদের সম্পর্ক আছে। নয়তো অর্থ পাচারকারীরা এত শক্তিশালী হতে পারত না। টাকা পাচারকারীরা দেশের শত্রু। তিনি এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ।
