পরিত্যক্ত অবস্থায় ৩টি বস্তা ভর্তি আড়াই মণেরও অধিক ধাতব মুদ্রা উদ্ধার করেছে ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা ট্রাফিক জোন।
মুদ্রাগুলো আবদুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছন থেকে উদ্ধার করা হয়।
ট্রাফিক উত্তর বিভাগ সূত্রে জানানো হয়, সোমবার ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা ট্রাফিক জোনের টিআই খন্দকার ইফতেখার হোসেনকে জনৈক ব্যক্তি আবদুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় ৩টি বস্তা পড়ে থাকার কথা জানান।
তখন টিআই ইফতেখার সার্জেন্ট এমএম খুরশিদ আলম ফোর্স নিয়ে বস্তাগুলো উদ্ধার করে আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। বস্তার মধ্যে ধাতব মুদ্রা দেখে উত্তরা পশ্চিম থানাকে খবর দেন।
থানার সহযোগিতায় বস্তা তিনটি মুখ খুলে বিপুল পরিমাণ ধাতব মুদ্রা পাওয়া যায়। যার প্রতিটি বাংলাদেশি ২ টাকার কয়েন। সব মিলিয়ে ওজন দুই মণ সাড়ে আটাশ কেজি।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। কে বা কারা এই মুদ্রা মজুত করেছিল সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
