সালমান খান ও শাহরুখ খান বলিউডের অন্যতম দুই সুপারস্টার। তারা বেশ ভালো বন্ধুও। অতীতে সেই সম্পর্ক গেছে বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে।
সম্প্রতি মজার একটি তথ্য জানালেন ভাইজান। একসময় শাহরুখের সাগরমুখী বাংলো মান্নাত কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাবা সেলিম খানের হস্তক্ষেপের কারণে নিরস্ত হন সাল্লু।
বলিউডের নামি চিত্রনাট্যকার সেলিম ছেলেকে বলেছিলেন, “এতো বড় বাড়ি দিয়ে কী করবে?” সালমান বাবার পরামর্শ মেনে নেন। এরপর শাহরুখ বাংলোটি কিনে নেন।
মান্নাত প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, “আমি দিল্লি থেকে এসেছি। দিল্লির লোকেরা কোটিতে (বাংলোয়) বাস করে। মুম্বাইয়ে সবাই অ্যাপার্টমেন্টে থাকে। কিন্তু দিল্লিতে যার তেমন টাকা-পয়সা নেই, তাদেরও ছোট বাংলো আছে।”
আরও বলেন, “যখন আমি মুম্বাই আসি, তখন বিবাহিত এবং স্ত্রী গৌরীর সঙ্গে ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। আমার শাশুড়ি বলেছিলেন, ‘তুমি এতো ছোট বাড়িতে থাকো।’ যখন আমি মান্নাত দেখি, তখন দিল্লির কোটির মতো অনুভূত হলো। তারপর কিনে নিলাম। এটা আমার জীবনের সবচেয়ে দামি সম্পত্তি।”
পরে শাহরুখকে বাবার সুরে সালমান জিজ্ঞাসা করেছিলেন, “এতো বড় বাড়ি দিয়ে তুমি কী করো?” সেই সময় দিল্লির কথা স্মরণ করিয়ে দেন কিং খান।
কাজের ক্ষেত্রে ‘জিরো’র পর নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি শাহরুখ। আর মুক্তির অপেক্ষায় আছে সালমানের ‘ভারত’।
