প্রতিবন্ধী কার্ড চাইতে গিয়ে দৃষ্টি প্রতিবন্ধী খুন!

আপডেট : ২৮ মে ২০১৯, ০৭:১৪ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে নুরুল ইসলাম পাটোয়ারী (২২) নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল এন্নাতলী গ্রামের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, প্রতিবন্ধী ভাতার কার্ড চাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলামকে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এই ঘটনায় নিহতের মা হোসনে আরা বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ থানায় বড়কুল পূর্ব ইউনিয়নের তরুণলীগ সভাপতি কাউসার হোসেনসহ ৪ জনে বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত কাউসার হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত দৃষ্টি প্রতিবন্ধী নুরুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার এন্নাতলী গ্রামের পাটোয়ারী বাড়ির দৃষ্টিপ্রতিবন্ধী আবুল বাসার পাটোয়ারীর ছোট ছেলে।

নিহত নুরুল ইসলাম পাটওয়ারীর পরিবারে ৫ সদস্যের মধ্যে চারজনই দৃষ্টি প্রতিবন্ধী। নিহতের এক ভাই, এক বোন ও বাবা আবুল বাসার জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী।

নিহতের বাবা আবুল বাসার বলেন, আমার ৫ জনের সংসারে আমার স্ত্রী ব্যতীত আমার ২ ছেলে ও ১ মেয়ে আমরা ৪ জন দৃষ্টি প্রতিবন্ধী। আমরা প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য কাউসার হোসেনকে টাকা দিয়েও ভাতার কার্ড পাইনি। ওই ভাতার কার্ডের ঘটনা নিয়ে আমার ছেলে প্রতিবাদ করেছিল।

তাই সোমবার রাতে তরুণলীগ নেতা কাউছার ও তার সহযোগিরা আমার বাড়িতে এসে হুমকি-ধামকি দেয়। পরবর্তীতে মঙ্গলবার ভোরে কাউসার আমার ছেলেকে খুন করে।

তবে এ ব্যাপারে বড়কুল পূর্ব ইউনিয়ন তরুণলীগের সভাপতি কাউসার হোসেনের দাবি, তিনি কারো কাছ থেকে টাকা পয়সা নেননি।

তিনি বলেন, আমি নুরুল ইসলামের হত্যার ঘটনায় জড়িত নই। এ ব্যাপারে আমি কিছু জানি না।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, খবর পেয়ে আমরা এন্নাতলী এলাকার একটি পুকুরের পাড় থেকে দৃষ্টি প্রতিবন্ধী নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এসময় তার গায়ে কোন কাপড় ছিল না। প্যান্টের বেল্ট খোলা ছিল। তার মরদেহের কিছু দূরে ব্যবহৃত চোখের চশমা পড়েছিল। এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না এটি হত্যা কিনা। মরদেহের শরীরে বাহির দিক থেকে কোন জখমের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে তাকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই তা নিশ্চিত হওয়া যাবে।

ওসি বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি খুনের মামলা দায়ের করেছেন। মামলার আসামি  কাউসার হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত