কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ২৯ মে ২০১৯, ০১:৩৪ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক চোরাকারবারি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত দেড়টায় চৌদ্দগ্রামের নোয়াপাড়া এলাকার অফবিট হোটেলের পেছনে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আদর্শগ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মো. সেলিম ওরফে সলিমুল্লাহ (৩৮) এবং শালুকিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে মো. রুবেল (৩০)। উভয়ের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

বিজিবির-১০ অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকি জানান, কুমিল্লা- ১০ বিজিবর একটি বিশেষ টিম চৌদ্দগ্রামের নোয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপর গুলি বর্ষণ শুরু করে। বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক কারবারিকে উদ্ধার করে বিজিবি। এসময় তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় আহত দুই মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত