পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। এর অর্থ বিশ্বকাপ শেষেই পাকিস্তান দলে শেষ হচ্ছে তাদের দায়িত্ব।
ইনজামামের জায়গায় সাবেক অধিনায়ক আমির সোহেলকে প্রধান নির্বাচক করা হতে পারে বলে জানা গেছে। পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, “সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আমিরের নামটি সবার ওপরে আছে। পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান প্রধান নির্বাচক ও প্রধান কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।” এর আগে ২০০২ ও ২০০৪ সাময়েও পাকিস্তান দলের প্রধান নির্বাচক ছিলেন আমির।
ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর প্রধান কোচও নিয়োগ দেবে পিসিবি। সূত্র জানায়, এহসান মানি পিসিবির চেয়ারম্যানের দায়িত্বে আসার পর গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনতে চাচ্ছেন। তিনিই ওয়াসিমকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করে এনেছেন। পরিবর্তন অবশ্যম্ভাবী। ইনজামাম ও আর্থারের বেশ কিছু সিদ্ধান্তে তারা অসন্তুষ্ট।
