মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রাখাইন রাজ্যে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিবিসি জানায়, বৌদ্ধ জাতিগোষ্ঠী রাখাইনদের ওপর গণহত্যা চালাচ্ছে মিয়ানমার বাহিনী। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি।
মানবাধিকার সংগঠনটি জানায়, মিয়ানমার বাহিনী রাখাইন জাতি গোষ্ঠীর ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। রাখাইন বিদ্রোহীদের দমন করতে গিয়ে এই জাতি গোষ্ঠীর মানুষদের নির্যাতন, নিপীড়ন এবং নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে।
তবে অ্যামনেস্টির এ অভিযোগ অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।
রাখাইন জাতিগোষ্ঠীর সংগঠন আরাকান আর্মি দীর্ঘদিন ধরে আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য লড়ছে। প্রায়ই সময় সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এর আগেও মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হওয়ার অভিযোগ আছে। ২০১৭ সালের আগস্টে রাখাইনে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। তাদের সঙ্গে স্থানীয় বৌদ্ধরা যোগ দিলে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়।
এই অভিযানে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। হত্যাকাণ্ড ছাড়াও নারী-শিশুদের ওপর নিপীড়ন, গণধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট চালায় মিয়ানমার বাহিনী। রোহিঙ্গা গণহত্যা উদাহরণ হিসাবে পাঠ্যপুস্তকে উল্লেখ করার মতো বলে জানায় জাতিসংঘ।
