আসিফ উল হোসাইন নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। তার বিরুদ্ধে বুধবার বনানী থানায় মামলা হয়েছে।
ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ জানান, মঙ্গলবার মহাখালী কাঁচা বাজারের সামনে মানুষের হট্টগোল দেখে এগিয়ে যান কর্তব্যরত এটিএসআই আশরাফুল হক।
সেখানে হট্টগোল থামানোর চেষ্টা করলে আসিফ উল হোসাইন নামে একজন তাকে ধমক দিয়ে নিজেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন এবং তিনি বিষয়টা মীমাংসা করবেন বলে জানান।
তখন এটিএসআই আশরাফুল মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফউল্লাহকে জানালে তিনি সেখানে উপস্থিত হন। আশরাফুল ঘটনার বিস্তারিত বলেন এবং বিষয়টিতে মধ্যস্থতা করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন বলে জানান।
এসি আশরাফউল্লাহ ম্যাজিস্ট্রেটকে দেখতে চাইলে সিএনজিতে করে চলে যাওয়া অবস্থায় আসিফ উল হোসাইনকে দেখান।
সিএনজি থামিয়ে আসিফ উল হোসাইনকে জিজ্ঞাসাবাদকালে তিনি জানান, তিনি ২৮ ব্যাচের কর্মকর্তা এবং বর্তমানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন। তিনি তার ভিজিটিং কার্ডও দেখান। ভিজিটিং কার্ডে ভুল থাকায় এসি আশরাফ উল্লাহর সন্দেহ হয়।
এসময় আসিফ উল হোসাইনের বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ করেন একজন ভুক্তভোগী। বিষয়টি আমলে নিয়ে এসি আশরাফউল্লাহ খোঁজ নিয়ে জানতে পারেন, এই নামে বিসিএস এডমিনিস্ট্রেশন ক্যাডারের কোন কর্মকর্তা ২৮ ব্যাচে নিয়োগ প্রাপ্ত হয়নি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত নেই।
পরবর্তীতে পুলিশের জেরার মুখে আসিফ উল হোসাইন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে মিথ্যা পরিচয় দেওয়ার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
