লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির বিরাট জয়ের পর সদ্যোজাত সন্তানের নাম ‘নরেন্দ্র মোদি’ রেখেছিল ভারতের গোদরার এক মুসলিম মা। সেই নাম এবার পরিবর্তন হলো।
মুসলিম শিশুর নাম নরেন্দ্র মোদি রাখার খবর ভারতের প্রধানমন্ত্রীর কানেও পৌঁছেছিল। রাজনৈতিক দিক থেকে খবরটি তাকে তৃপ্তি দিয়েছিল। মুখে কিছু না বললেও, বিরোধীদের তিনি বুঝিয়ে দিতে পেরেছেন- মুসলিম পরিবারেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।
বৃহস্পতিবার আট শতাধিক অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের মতো শপথ নিতে চলেছেন মোদি। তার আগেই মুসলিম পরিবারের সেই মা ছেলের নাম পরিবর্তন করলেন। ‘নরেন্দ্র মোদি’ থেকে করলেন ‘মোহাম্মদ মোদি’।
শিশুটির মা মেহনাজ বেগমের বক্তব্য, নাম নিয়ে স্বজনরা জোরালো আপত্তি তোলেন। মোদির নামের জন্য ছেলের অনুষ্ঠানে আসতেও তারা অস্বীকার করেন। সেই চাপেই নাম বদলে মোহাম্মদ মোদি করতে হয়েছে।
এদিকে ওই শিশুর জন্ম তারিখ নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে। মায়ের দাবি অনুযায়ী, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন ২৩ মে জন্ম হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ১২ মে জন্মেছে মোহাম্মদ মোদি ।
