প্রথম দিনেই ট্রেনের শিডিউল লণ্ডভণ্ড, ক্ষমা চাইলেন মন্ত্রী

আপডেট : ৩১ মে ২০১৯, ১১:৪৫ এএম

অগ্রিম টিকিটে ঈদযাত্রার প্রথম দিনেই মহাবিপর্যয়ে পড়েছে রেলের শিডিউল। চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কাছে ক্ষমা চান রেলমন্ত্রী।

যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “আজকের দিনটা কষ্ট করুন। আগামীকাল থেকে আর শিডিউল বিপর্যয় হবে না। শিডিউল বিপর্যয় রোধে আমরা সব ধরনের চেষ্টা করছি।”

এসময় আগামী ঈদের আগে রেলে আরও তিনটি ট্রেন যুক্ত হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জান গেছে, রাজশাহীগামী ট্রেন ধূমকেতু ২ ঘণ্টা ১৫ মিনিট, খুলনাগামী সুন্দরবন ১ ঘণ্টা ১০ মিনিট, উত্তরবঙ্গের নীলসাগর ১ ঘণ্টা ৪০ মিনিট এবং রংপুর এক্সপ্রেস ৭ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে ছাড়ছে। সকাল ১০টা ৩৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্টেশনে পৌঁছায়নি কিশোরগঞ্জগামী এগারসিন্দুর।

শিডিউল বিপর্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কুড়িগ্রামগামী হযরত আলী বলেন, “উনি (মন্ত্রী) যদি আন্তরিক হন, তাহলে শিডিউল বিপর্যয় এড়ানো সম্ভব। উনি তো সান্ত্বনার বাণী দিয়েছেন। এই সান্ত্বনার বাণীতো আমাদের কাজে লাগবে না।”

বেসরকারি চাকরিজীবী মুজিবুল হক বলেন, “মহাবিপর্যয়ে পড়েছি। সকাল ৭টার দিকে স্টেশনে এসেছি। বিকেল তিনটা ৩টা নাগাদ নাকি ট্রেন ছাড়তে পারে। পরিবার-পরিজন নিয়ে চরম ভোগান্তিতে পড়েছি।”

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক, “অতিরিক্ত যাত্রীর চাপ এবং স্টেশনে যাত্রী ওঠানামায় সময় বেশি লাগার কারণে শিডিউল বিপর্যয় ঘটেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত