এবারের বিশ্বকাপের দ্বিতীয় দিনেই অন্যতম কাঙ্ক্ষিত ম্যাচে মুখোমুখি দুই ‘আনপ্রেডিক্টেবল’ দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচটিতে টসে জিতে প্রকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যায়নি পাকিস্তানের। ২০১৮ সালেরে শুরু থেকেই হেরে চলছে দলটি। দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হারতে হয় তাদের। হোয়াইটওয়াশ হতে হয় সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। মাঝে এশিয়া কাপ থেকে ফিরতে হয়েছে খালি হাতে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্বাগতিক ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। গত দশ ম্যাচের সবকটিতে হেরে বিশ্বকাপের ময়দানী লড়াইয়ে নামছে তারা।
এমনকি আফগানিস্তানের কাছে প্রস্তুতি ম্যাচও হেরেছে পাকিস্তান। তবে এসব নিয়ে কোন ভাবনা নেই পাকিস্তানের। বিশ্বকাপে এসে পেছনে তাকাতে চান না দলটির অধিনায়ক সরফরাজ আহমেদ- “হ্যাঁ, আমরা টানা ১০টি ম্যাচ হেরেছি। কিন্তু আমরা এসব ভুলে গিয়েছি এবং বিশ্বকাপ শুরু করতে যাচ্ছি।”
এদিকে গত মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪২১ রানের বিশাল পাহাড় দাঁড় করিয়ে বিশ্বকাপের আগে জোরালো বার্তা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ ও আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী ব্যাটসম্যান চাপে ফেলতে পারে পাকিস্তানকে। এ কারণেই হয়তো ফর্মের তুঙ্গে থাকা শাই হোপ দাবি করেছেন, বিশ্বকাপে এবার উইন্ডিজ দল ৫০০ রান করলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না।
পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, শাই হোপ (উইকেটকিপার), ড্যারেন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্ড্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল ও ওশান টমাস
