ইআর ড্রামায় গোপনে অভিনয়ের সেই ‘রহস্য’ ফাঁস করলেন ক্লুনি

আপডেট : ৩১ মে ২০১৯, ১০:৩৮ পিএম

নব্বই দশকের তুমুল জনপ্রিয় মেডিকেল ড্রামা ‘ইআর’- থেকে অবসর নেওয়ার পরও ষষ্ঠ সিজনে ফিরে আসেন অস্কারজয়ী হলিউডি অভিনেতা জর্জ ক্লুনি। কিন্তু অবাক করার বিষয় হলো প্রচার হওয়ার আগ পর্যন্ত কেউ জানতেই পারেনি বিখ্যাত এই অভিনেতা আবার ড. ডগ রসের চরিত্রে অভিনয় করছেন।

এমন একটি খবর কীভাবে তিনি এবং তার পরিচালক গোপন রাখলেন সম্প্রতি সেটি জানিয়েছেন ক্লুনি।

হলিউডের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে ছয়টি ভিন্ন ভিন্ন বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া ক্লুনি এই অনুষ্ঠান ছেড়ে দেন ১৯৯৯ সালে। কিন্তু তখনও তার সহ-অভিনেত্রী জুলিয়ানা মারগুলিয়েসের চুক্তি এক বছর বাকি ছিল। শেষ সিজনে তার চরিত্রের যমজ সন্তান জন্ম দেওয়ার দৃশ্য বাকি থেকে যায়। এটি দেখাতে পরিচালকের ক্লুনিকে দরকার ছিল।

একটি অনুষ্ঠানে ক্লুনিকে পাশে রেখে পরিচালক ওয়েলস এ বিষয়ে ইডব্লিউকে বলেন, ‘আমরা জানতাম দুজনকে একসঙ্গে লাগবে। কিন্তু তার জন্য একটি সারপ্রাইজ আয়োজন করতে চেয়েছিলাম।’

সেই সারপ্রাইজের জন্য ওয়েলস একটি প্রাইভেট বিমান জোগাড় করেন। সেই বিমানে হাতেগোনা কয়েকজন কলাকুশলীকে নিয়ে চলে যান ওয়াশিংটনের সিয়াটেলের শুটিং স্পটে।

বাকিটুকু বর্ণনা করেছেন ক্লুনি নিজে, ‘আমরা বাড়ির পেছনে শুটিং করি। তারপর বিমানে উঠে যাই। অন্য শিল্পীরা কিছু টেরই পায়নি। শুধু জানত জুলিয়ানা, ওয়েলস এবং আমাদের সিনেমাটোগ্রাফার।’

‘গোপন-গোপন খেলার তখন ছিল শুরু মাত্র। আমরা ফিরে আসি লস অ্যাঞ্জেলেসে। ওয়েলস ফিল্ম নিয়ে বাড়ি চলে আসে। আমি এটাকে আমার ফ্রিজে রেখে দেই।’

ক্লুনির ওই শোটি তখন এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে দেখানো হতো। তার ফেরার বিষয়টি টেলিভিশন কর্তৃপক্ষকেও তিনি টের পেতে দেননি।

‘আমার অভিনয়ের অংশ স্ক্রিপ্টেও ছিল না। তারা এ বিষয়ে কিছু জানতই না। সম্প্রচারের আগে এডিট করতে দুই-থেকে তিনদিন সময় পাই। এটা করতাম রাতের বেলায়, যখন কেউ থাকতো না।’

এরপর ড্রামাটি প্রচারিত হয়। চারাদিকে পড়ে যায় হইচই। প্রচুর ফোন পেতে থাকেন ক্লুনি। এমন ঘটনাকে তিনি ক্যারিয়ারের ‘সেরা সময়’ বলে অভিহিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত