বিএনপির অনেক নেতা-কর্মী এখনো নিরুদ্দেশ: মওদুদ আহমদ

আপডেট : ৩১ মে ২০১৯, ১১:১০ পিএম

দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা চলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘এই কারণে বিএনপির অনেক নেতা-কর্মী এখনো নিরুদ্দেশ। এখনো অনেকে ভয়ে পালিয়ে বেড়ান। তারা সামনে আসতে পারছেন না। অনেক রাতে বাড়িতে থাকতে পারেন না’।

শুক্রবার রাজধানীর উত্তর কাফরুল বিএনপির উদ্যোগে কাজীপাড়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়ার পেছনে সরকারের রাজনৈতিক প্রভাব কাজ করছে। খালেদা জিয়ার মুক্তি আজকে সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

তিনি বলেন, সরকারের কাছে বিএনপির দাবি ঈদের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। যদি না দেয় তাহলে আন্দোলন ছাড়া বিএনপির অন্য কোনো বিকল্প থাকবে না। তার মুক্তি বিএনপি আন্দোলনের মাধ্যমেই অর্জন করবে।

মওদুদ আহমদ বলেন, আজকে জনগণ দেশের গণতন্ত্র হারিয়েছে, বিএনপি নেত্রী কারাবন্দী। একটা তুচ্ছ ভিত্তিহীন মামলাকে কেন্দ্র করে তাকে সাজা দিয়ে জেলখানায় রাখা হয়েছে।

দলের নেতা কর্মীদের আশ্বস্ত করে বিএনপির এই নেতা বলেন, আজ হোক কাল হোক, খালেদা জিয়া মুক্তি পাবেন, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশে আবার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে যাতে করে দেশের মানুষ তাদের ইচ্ছামতো ভোট দিতে পারে। গত বছরের ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তা এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

উত্তর কাফরুল বিএনপির সভাপতি আখতার হোসেন জিল্লুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, উত্তর কাফরুলের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত