দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লিচুর বাগানে লিচু কুড়াতে গিয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল শনিবার বীরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেছেন ওই ছাত্রীর ফুফু। ধর্ষণের অভিযোগে লিচু বাগানের পাহারাদার মো. খলিল (২৩) ও রণজিত দেবনাথ (৩০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক মো. খলিল উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে এবং রণজিত দেবনাথ জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের শুলশুলি গ্রামের কমল দেবনাথের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলের দিকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের গোপাল মাস্টারের লিচু বাগানে লিচু কুড়াতে যায়। মেয়েটিকে একা পেয়ে লিচু পাহারাদার ওই দুজন তাকে পাশের আরেকটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে। অভিযোগকারী ওই ছাত্রীর স্বজন বলেন, লিচু পাহারাদার খলিল ও রণজিত ওই শিক্ষার্থীকে লিচু দেওয়ার কথা বলে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে।
