খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফকির সাইফুল ইসলামের বিরুদ্ধে এক নারী আওয়ামী লীগ কর্মীকে মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে জানিয়ে বিচার দাবি করেছেন জলি আক্তার নামে ওই নারী। তবে কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন।
জলি আক্তার সাংবাদিকদের জানান, গতকাল সকালে তিনি ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান। এ সময় পরিসংখ্যান ব্যুরো অফিসে এক আত্মীয়ের খ-কালীন কাজের ব্যাপারে আলাপ করেন। তিনি বলেন, ‘আমার কথা না শুনেই অফিস থেকে বের হয়ে যেতে বলেন কাউন্সিলর। আমি তার আচরণে ক্ষোভ প্রকাশ করলে তিনি গালাগাল করতে থাকেন। এরপর তিনি পিয়ন দিয়ে আমাকে পুনরায় তার অফিস কক্ষে ডেকে নিয়ে চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে লাঞ্ছনা করেন।’ এ বিষয়ে কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম বলেন, ‘জলি অফিসে এসে উচ্চবাচ্য করছিলেন, যে কারণে তার প্রতি রাগ করেছি। তবে কোনো মারধর করা হয়নি।’
