চলছে ক্রিকেট বিশ্বকাপ। বাংলার ঘরে ঘরে বিশ্বকাপকে নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। সেই উন্মাদনায় তাল মেলাচ্ছে কণ্ঠশিল্পী ও গানের দলগুলোও। তারই ধারাবাহিকতায় গানের দল ‘ফিডব্যাক’ প্রকাশ করল ‘জয় হোক’ শিরোনামের গান।
‘জয় হোক, হোক জয়, হবে হবে জয়’ এমন কথার গানটি লিখেছেন মাহমুদ খুরশীদ। সুর ও সংগীত ফিডব্যাকের সদস্যদের।
গানটি তারা তৈরি করেছেন দেড় বছর আগেই। তবে এবার বিশ্বকাপ উপলক্ষে তারা গানটির ভিডিও করেছে । এটি প্রকাশ করা হয়েছে ‘ঢুলি’র ইউটিউব চ্যানেলে।
‘জয় হোক’ গানটি ফিডব্যাক ব্যান্ডের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারা বলেন, ‘এই গান দেশের জন্য, দেশের মানুষের জন্য তৈরি। ফিডব্যাক দলের এটি একটি বিশেষ গান। দেশের যেকোনো বিজয়ের আনন্দের গান এটি। ক্রিকেটে জয়, বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ দেশের সব ধরনের বিজয়েই আমাদের এই গান প্রাসঙ্গিক। সে কথা ভেবেই গানটির কথা ও সুর করা।’
উল্লেখ্য, এর আগে ‘উড়ু উড়ু মন’, ‘ফসলের গান’, ‘আবার মেলা’সহ বেশ কয়েকটি নতুন গান অনলাইনে প্রকাশ করে গানের দল ফিডব্যাক।
ফিডব্যাক দলের লাইনআপে কি-বোর্ডে ফোয়াদ নাসের বাবু, গিটারে লাবু রহমান, বেজ গিটারে দানেশ, ভোকালে লুমিন, গিটার-ভোকালে রায়হান আল হাসান ও ড্রামে টন্টি।
