রেকর্ড রানের মাঠে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান

আপডেট : ০৩ জুন ২০১৯, ১২:৫৮ পিএম

প্রথম ম্যাচে বড় হারের ক্ষত নিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে হবে ম্যাচটি। এই ভেন্যু রানের স্বর্গ। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ দুটি দলীয় সংগ্রহের রেকর্ড এই ভেন্যুতেই!

পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে বোলারদের জন্য অপেক্ষা করছে ট্রেন্ট ব্রিজের সেই ভয়ংকর উইকেট। নটিংহামের এ উইকেটে সর্বোচ্চ রানের দুটি ইনিংসের রেকর্ড জমা আছে। দুটিই গড়েছে ইংল্যান্ড, যার একটি আবার পাকিস্তানের বিপক্ষে।

২০১৬ সালে এ উইকেটে ৩ উইকেটে ৪৪৪ রানের পাহাড় গড়েছিল ইংলিশরা। এর দুই বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই রেকর্ড ভেঙে দিয়েছিল ইংল্যান্ড। যেখানে তারা ৬ উইকেটে সংগ্রহ করেছিল ৪৮১ রান।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত উইকেটের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা। বিশ্বকাপের আগে স্বাগতিক ইংলিশদের কাছে পাঁচম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হারে দলটি। সব মিলিয়ে গত এগারোটি ওয়ানডেতে টানা হেরেছে সরফরাজ আহমেদের দল। ইংল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে জয়ে ফেরার লক্ষ্য থাকবে তাদের।

এদিকে, দারুণ ছন্দে আছে ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের জয় পায় তারা! তবে পাকিস্তানের বিপক্ষে উইনিং কম্বিনেশনও ভাঙ্গতে পারে ইংল্যান্ড। পেসার আর্চারের পার্টনার হতে পারেন মার্ক উড। দলটির বিপক্ষে গতি ও বাউন্সকে অস্ত্র করতেই টিম ম্যানেজম্যান্ট পেসার উডকে জায়গা দিতে পারে একাদশে।

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরে পারেন পাকিস্তানের পেসাররা। ফিটনেস ফিরে পেয়ে বল হাতে ছন্দের দেখা পেয়েছেন মোহাম্মদ আমির। উইন্ডিজের বিপক্ষে হারা ম্যাচে তিন উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই পেসার।

অবশ্য বিশ্বকাপে দুই দলের হেড টু হেড ফল সমানে সমান। ৯বারের লড়াইয়ে ইংল্যান্ড জয়ী ও পাকিস্তান দুটি দলই জিতেছে ৪টি করে ম্যাচ। পরিত্যাক্ত একটি ম্যাচ। সব মিলিয়ে ওয়ানডেতে ৮৭বারের লড়াইয়ে ইংল্যান্ড জিতেছে ৫৩টিতে। পাকিস্তান জয়ী ৩১ ম্যাচে জয়ী। আর পরিত্যক্ত ২টি ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত