আওয়ামী লীগের সমালোচনা ও ব্যঙ্গ করায় পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেনকে পিটিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী বাস স্ট্যান্ড বাজারে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী চায়ের দোকানি হারুন জানান, ঘটনার সময় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা চলছিল। খেলা দেখতে স্থানীয় ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম ও সহিদ হাওলাদার ওই দোকানের সামনে গেলে তাদের উদ্দেশ্য করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত ব্যঙ্গাত্মক উক্তি করলে তারা (সাইফুল-সহিদ) এর তীব্র প্রতিবাদ করে। এ সময় দু’পক্ষে বাকবিতন্ডা হাতাহাতিতে গড়ায়।
খবর ছড়িয়ে পড়লে উপজেলা ছাত্রলীগের ২৫/৩০ জন নেতা-কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবদল নেতা সাখাওয়াতকে বেধরক পিটিয়ে আহত করে।
এ সময় সাখাওয়াতের সহোদর উপজেলা তাতীদলের সভাপতি ইউপি সদস্য সৈয়দ কামালও হুলুস্থুলের মধ্যে ইটের আঘাতে গুরুতর জখম হয়। রাতেই আহত সৈয়দ কামাল ও সাখাওয়াতকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুমকি থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের চিকিৎসায় পাঠান।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোন পক্ষেরই লিখিত কোন অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
