এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। ঈদুল ফিতর উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হচ্ছে তার নতুন মিউজিক ভিডিও। আরও কিছু চমক রয়েছে সামনে। এসব নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ঈদের গান ‘আবদার’
ছয় বছর আগে ‘জনম জনম’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও করেছিলাম আমি আর পড়শি। দীর্ঘ বিরতির পর ঈদে নতুন গানের ভিডিও নিয়ে আসছি আমরা। এবারের গানটির নাম ‘আবদার’। জনম জনমের মতো এ গানটিও লিখেছেন রবিউল ইসলাম জীবন। সিডি চয়েসের ব্যানারে তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে। এর সুর ও সংগীত করেছি আমি। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ভিডিওর শ্যুটিং হয়েছে। নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানের কথা, সুর, সংগীত, গায়কি এমনকি ভিডিওর কনসেপ্টÑ সব মিলিয়ে গানটি দর্শক পছন্দ করবে বলে আমার বিশ^াস।
তাহসানের সঙ্গে আবার...
আমার সুর-সংগীতে তাহসান ভাইয়ের গাওয়া ‘কেউ না জানুক’ গানটি দুই কোটির বেশি মানুষ দেখেছে। গানটি লিখেছিলেন রবিউল ইসলাম জীবন। এ ঈদে আমরা তিনজন আবার একসঙ্গে হাজির হচ্ছি। এবারের গানের নাম ‘বিশেষ কারণে’। সিডি চয়েসের ব্যানারে গানটি লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ হবে।
ঈদের সিনেমায়ও আছেন
শাকিব খান প্রযোজিত এবারের ঈদের সিনেমা ‘পাসওয়ার্ড’-এ ‘পাগল মন’ শিরোনামের একটি গান গেয়েছি। এটি গত ২৯ মে ইউটিউবে প্রকাশ পেয়েছে। এরই মধ্যে গানটি ২৬ লক্ষবার দেখা হয়েছে। গানটিতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি। সংগীত করেছেন কলকাতার স্যাভি।
নতুন আরও দুই গান
গত মাসের ২৩ ও ২৪ তারিখে আমার নতুন আরও দুটি গান প্রকাশ হয়েছে। এর মধ্যে একটি আমার নিজের কণ্ঠে গাওয়া। নাম ‘কে তোমাকে এত ভালোবাসতে পারে’। সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি এরই মধ্যে পাঁচ লাখ ভিউ হয়েছে। এতে আমার সঙ্গে মডেল হয়েছেন পায়েল। আহমেদ রিজভীর কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর। অন্যটি আমার সুর এবং সংগীতে শাফায়াতের নতুন গান ‘তোকে ছাড়া’। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ।
নতুন সিনেমার গান
আমার জীবনের প্রথম মৌলিক গানটি তৈরি করেছিলেন শফিক তুহিন। এ ছাড়া আমার গাওয়া অন্যতম আলোচিত গান ‘বলতে বলতে চলতে চলতে’ গানটির গীতিকারও ছিলেন তিনি। তুহিন ভাই আমার জন্য বরাবরই শুভবার্তা বহন করেন। তার কথা-সুরে এবারই প্রথম চলচ্চিত্রের গান গাইলাম। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমায় দেখা যাবে গানটি। এতে আমার সহশিল্পী স্বরলিপি। গানের শিরোনাম ‘তুই ছাড়া আপন কেহ নাই’। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
