বিকল্প কৌশলের খোঁজে দিশেহারা ডু প্লেসির

আপডেট : ০৪ জুন ২০১৯, ১২:২৬ এএম

টানা দুই হার দিয়ে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি এখন ঘুড়ে দাঁড়ানোর বিকল্প কৌশল খুঁজতে শুরু করেছেন। ইংল্যান্ডের কাছে ১০৪ রানের হারে মিশন শুরুর পর বাংলাদেশের কাছে ২১ রানের লজ্জায় ডুবতে হয়েছে প্রোটিয়াদের। একে তো উপর্যুপরি হারের ধাক্কা, তার ওপর প্রোটিয়া শিবিরে হানা দিয়েছে ইনজুরি। চোটের কারণে প্রথম দু’টি ম্যাচে দর্শক হয়ে থাকতে হয়েছে দলটির পেস আক্রমণের অন্যতম অস্ত্র ডেইল স্টেইন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পেশিতে টান পড়ায় মাঠ ছেড়ে যেতে হয় আরেক ফাস্ট বোলার লুঙ্গি এনগিদিকে। ভারতের বিপক্ষে ৫ জুন নিজেদের তৃতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না, তা নিশ্চিত। প্রথম ম্যাচে জোফরা আর্চারের বাউন্সারের আঘাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ছিলেন না ওপেনার হাশিম আমলাও। হারের বৃত্ত ভাঙতে এখন বিকল্প কৌশল খোঁজার কথাই বলেছেন বাংলাদেশের কাছে পরাজয়ে দারুণ হতাশ চোট-জর্জর প্রোটিয়াদের অধিনায়ক, ‘আমি সত্যিই খুব হতাশ। ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে দু’টি ম্যাচেই আমাদের কৌশল ছিল আক্রমণাত্মক বোলিং করে তাদের বিপদে ফেলা। সেটা কাজে দেয়নি। আমাদের ‘প্ল্যান’ এখন অকার্যকর হয়ে পড়েছে। কারণ আমরা আমাদের মূল বোলারদের একসঙ্গে পাচ্ছি না (চোটের কারণে)।’ তিনি আরও যোগ করেন, ‘এখন আমাদের নতুন একটা কার্যকর কৌশল বের করতে হবে। ফিরে আসতে হলে আমাদের নতুন করে ভাবতে হবে। পরখ করে দেখতে হবে, দু’জন স্পিনার নিয়ে খেললে ভালো হয় কি না। সবকিছুই পাল্টে ফেলে দেখতে চাই কতটা আমরা খাপ খাইয়ে নিতে পারি।’ প্রোটিয়া অধিনায়কের মুখে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসাও ঝড়েছে, ‘ওরা খুব ভালো ব্যাটিং করেছে। বুঝেশুনে ঝুঁকি নিয়ে সফলও হয়েছে। ইনিংস খুব ভালোভাবে এগিয়ে নিয়ে বুঝিয়ে দিয়েছে কীভাবে বড় সংগ্রহ গড়তে হয়।’ ২ হারে ‘গেল গেল’ রব উঠে যাওয়ার কিছু হয়নি, মনে করেন বাংলাদেশের বিপক্ষে খোলস ছেড়ে বের হতে হতেই সাজঘরে ফেরা ডু প্লেসি। তাইতো দলের প্রতিটি সতীর্থকে তাদের সেরাটা দেওয়ার তাগিদ দিলেন প্রোটিয়া অধিনায়ক, ‘আমি এখনো বিশ্বাস করি যে আমরা বিশ্বকাপ জিতব। যদি আমি বলি জিতব না, তবে আমি একজন দক্ষিণ আফ্রিকান নই। আমাদের দলের প্রত্যেকে এখনো তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। এ কারণেই আমরা আমাদের সেরা পারফরমেন্সটা দেখাতে পারিনি। যখন সেটা দেখানো শুরু হবে, তখন সব কিছুই বদলে যাবে।’ ভারতের বিপক্ষে ৫ জুনের ম্যাচ প্রসঙ্গে ডু প্লেসি বলেন, ‘আমরা ভারতের মতো একটি দলের বিপক্ষে পরের ম্যাচ খেলতে যাচ্ছি। এ মুহূর্তে আমরা দল হিসেবে খুব ভালো অবস্থায় নেই, তবে আমাদের ঘুড়ে দাঁড়াতেই হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত