এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে বোলিংয়ে নেমেছে ভারত। সাউদাম্পটনের রোজ বল স্টেডিয়ামে মুখোমুখি দল দুটি।
সবার শেষে এবার বিশ্বকাপ যাত্রা শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই সব দল প্রায় দুটো করে ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে বেশ কিছু অবাক করা ফলাফলও এসেছে। কখনও হার দেখে অবাক হতে হয়েছে তো কখনও জয় দেখে।
বুধবার সাদাম্পটনের রোজ বোলে প্রথম ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলিরা। প্রতিপক্ষ প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখা দক্ষিণ আফ্রিকা। যারা যেমন নিজেদের ফর্ম নিয়ে চিন্তায় তেমনই চোটের জন্য বড় ধাক্কা খেতে হয়েছে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে। দলের গুরুত্বপূর্ণ বোলার লুঙ্গি এনগিডি চোট পেয়ে ছিটকে গিয়েছে এই ম্যাচ থেকে। তার মধ্যে যে ডেল স্টেইনকে ভারতের বিরুদ্ধে নামানোর চেষ্টা করা হচ্ছিল মঙ্গলবার জানিয়ে দেওয়া হল তিনি বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ভারতের বিরুদ্ধে হেরে গেলে শেষ চারের আশা প্রায় শেষ হয়ে যাবে তাদের।
ভারতের লক্ষ্য অবশ্যই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম ম্যাচ জিতেই শুরু করা। সাদাম্পটনে ভারতীয় বোলিংয়ের নেতৃত্বে থাকা জাসপ্রিত বুমরাহর উপর অনেকটাই ভরসা থাকবে। তার সঙ্গে রয়েছে ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি দুমিনি, আন্দিলে ফেলুকোয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও ইমরান তাহির।
