মুশফিকের ভুলকে স্পোর্টিংলি দেখতে অনুরোধ মাশরাফীর

আপডেট : ০৬ জুন ২০১৯, ০৪:০৩ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ছেলে মানুষী এক ভুল করেছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। কেন উইলিয়ামসনকে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। বুধবার ২ উইকেটে ম্যাচ হারের পর যা বড় আক্ষেপ হয়ে দেখা দিয়েছে।

তবে ম্যাচের পর মাশরাফী বিন মোর্ত্তজা এই ভুলকে দর্শকদের স্পোর্টিংলি দেখতে অনুরোধ করেছেন।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে কিউইদের বিপক্ষে আগে ব্যাট করে ২৪৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ১৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে সাকিবের জোড়া আঘাতে ৫৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। সেই চাপ আরো বাড়তে পারতো। কিন্তু মুশফিকের ভুলেই তা হয়নি। সাকিবের করা ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে নিশ্চিত রান আউট থেকে বাঁচেন কেন উইলিয়ামসন।

তামিম ইকবালের সরাসরি থ্রো নিশ্চিত স্টাম্পে লাগত। কিন্তু মুশফিক সেটি গ্লাভসবন্দি করে উইকেট ভাঙতে গেলেন। বল তার গ্লাভসে আসার আগেই বাহু লেগে বেল পড়ে যায়। বেঁচে যান কিউই অধিনায়ক উইলিয়ামসন। রস টেলরকে নিয়ে পরে তৃতীয় উইকেটে তিনি শতরানের জুটি গড়েন।

মুশফিককে তাই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সবাই। শেষ দিকের উত্তেজনায় সেই আক্ষেপটা আরো বড় হয়েছে। তবে মাশরাফী বললেন, ‘‘খেলায় এগুলো হয়। এগুলো স্বাভাবিক। স্পোর্টিংলি নিতে হবে। কারণ কেউ ইচ্ছে করে তো আর মিস করে না। অবশ্যই মুশফিকেরই এরজন্য বেশি খারাপ লাগছে।’’

তবে ওই ভুলের জন্য যে মাশরাফীরও আক্ষেপ আছে সেটি বেরিয়ে এলো এই কথায়, ‘‘হ্যাঁ, এই ধরণের ম্যাচ জিততে গেলে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। এই ভুলগুলো সামনের ম্যাচে না করে যেন ভালো খেলতে পারি সেটিই লক্ষ্য থাকবে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত