বোলিংয়ে বাংলাদেশ অন্যতম সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান। কিন্তু তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক পরিকল্পনা মাফিক খেলানো হয়নি বলে মনে করছেন অনেকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজকে দিয়ে চতুর্থ ওভার বোলিং করিয়ে সাকিব আল হাসানকে নিয়ে আসেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। টানা সাতটি ওভার করানো হয় সাকিবকে দিয়ে।
মুস্তাফিজকে আবার অ্যাকশনে আনা হয় ১৯তম ওভারে। ততক্ষণে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে বসেছেন কেন উইলিয়ামসন ও রস টেলর। চার ওভার বল করার পর আবারো উধাও মুস্তাফিজ, এরপর ফিরলেন শেষ ১০ ওভারে।
দলের অন্যতম মূল পেসারকে কেন এত দীর্ঘ বিরতিতে আক্রমণে আনা, আর সাকিবকেই বা কেন একটানা এত ওভার বল করানো- ম্যাচ শেষে সাংবাদিকদের এসব প্রশ্নের জবাব দিয়েছেন মাশরাফী।
বাংলাদেশ অধিনায়ক বলেন, “ডানহাতি ব্যাটসম্যান ব্যাট করছিল, নতুন বলে গ্রিপ করছিল, এজন্য সাকিবকে আনা হয়েছিল। সাকিব এসে আমাদের ব্রেক থ্রুও দিয়েছে। টেলর ও উইলিয়ামসনকে আউট করার চেষ্টাও আমরা করেছি। এই কারণেই সাকিব বড় স্পেল করেছে। সেসময় আমরা উইকেট খুঁজছিলাম।”
মাশরাফী জানান, পুরনো বলে মুস্তাফিজের কার্যকারিতা চিন্তা করেই তাকে শেষদিকে আক্রমণে আনা হয়েছিল। যদিও এদিন একটু খরুচেই ছিলেন ‘কাটার মাস্টার’। এ নিয়ে মাশরাফী বলেন, ‘মুস্তাফিজকে যত পুরনো বল দেওয়া যায় সে তত বেশি কার্যকরী। আগের ম্যাচেও সে এটাই করেছে। অবশ্যই সে আমাদের স্ট্রাইক বোলার। শেষদিকে ২ উইকেট তুলে নিলে ম্যাচ পাল্টে যেত। ২ বলেই ২ উইকেট তুলে নেওয়া যায়। মুস্তাফিজ এসব মুহূর্তে আগেও ভালো করেছে। এবার হয়নি আরকি।”
